*ফেলে দেওয়া জিনিসে ৭ ফুটের দুর্গা, বর্ধমানের খুদে শিল্পী দুই ভাইয়ের কীর্তিতে চমক*
এস রোজলিন : কলকাতা: প্যান্ডেলের জাঁকজমক নয়, থিমের চমকও নয়। মাটি, খড়, টুকরো কাপড়, কাগজ, সোলা, চুমকি আর পাটের মতো ফেলে দেওয়া জিনিস দিয়েই ৭ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমানের দুই খুদে শিল্পী।
২০২৬-এ বর্ধমানের আকর্ষণ হয়ে উঠেছে খাজা আনোয়ার বেড় মধুমিতা বিদ্যা মন্দিরের দুই পড়ুয়া — ভাই স্বপ্নদীপ দত্ত (পঞ্চম শ্রেণি) ও দাদা শৌর্যদীপ দত্ত (ষষ্ঠ শ্রেণি)। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় তারা তৈরি করেছে এক অভিনব দুর্গা প্রতিমা।
এ বছরের প্রতিমার বিশেষত্ব, শিব-দুর্গা স্বপরিবারে শান্ত রূপে আশীর্বাদের ভঙ্গিমায় মর্ত্যে জগতের মঙ্গল কামনা করছেন।এটা প্রথমবার নয়। গত বছরেও চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই পেটি বাক্স, কুচো কাপড়, টিস্যু পেপার, পাট দিয়ে ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে সারা বর্ধমানে সাড়া ফেলেছিল এই দুই ভাই। দূরদূরান্ত থেকে মানুষ এসেছিল তাদের হস্তশিল্প দেখতে।্খুদে শিল্পীদের কথায়, "আমাদের জেঠু ডক্টর স্বপন দত্ত বাউল মহারাজের কাছে আমরা ছবি আঁকা, হস্তশিল্প শিখি। জেঠুর শিক্ষায় অনুপ্রাণিত হয়েই পরপর দু'বছর দুর্গা প্রতিমা তৈরি করলাম।" লোককথায় আছে, বংশের ধারা রক্তে ফুটে ওঠে। শিল্পী স্বপন দত্তের দুই ভাইপো সেই ধারাই বজায় রেখেছে। তাদের তৈরি প্রতিমায় আলোর রোশনাই না থাকলেও, ফুটে উঠেছে এক বনেদি সাবেকি বাড়ির পুজোর ছাপ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কারও কাছে চাঁদা না নিয়ে, সরকারি অনুদান ছাড়াই নিজেদের সামর্থ্যে প্রতিমা সাজিয়ে নিজেরাই খুদে পুরোহিত সেজে পুজো, পাঠ ও আরতি করে তারা। স্বপ্নদীপ বলে, "এ বছরও মানুষের আশীর্বাদ পেলে আমরা আরও ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করতে পারব।"

মন্তব্য 0