কলকাতায় মিলল অস্ত্র কারখানার হদিস, উদ্ধার একাধিক অস্ত্র তৈরির সরঞ্জাম
বৈশাখী সাহা, কলকাতাঃ
দূর্গা পূজো শুরুর আগেই কলকাতায় একটি বেআইনি অস্ত্র তৈরীর কারখানার হদিস পায় রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স। উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্তর ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কলকাতা পুলিশের নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, সূত্র অনুযায়ী মঙ্গলবার আয়ুবনগরের একটি বাড়িতে বেআইনি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় এসটিএফ। তল্লাশি চালিয়ে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ ও ব্যবহৃত কার্তুজ এর পাশাপাশি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে তদন্তকারীরা। ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের অনুমান। অভিযান চালানোর সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে এসটিএফ। ওই বেআইনি অস্ত্র তৈরীর কারখানার পিছনে আর কে বা কারা কিভাবে জড়িত, অস্ত্র তৈরীর সরঞ্জাম কোথা থেকে কিভাবে আসত এবং তৈরি করা অস্ত্রই বা কোথায় সরবরাহ করা হত - উঠে এসেছে এমনই নানান ধরনের প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর পেতে তদন্তে নেমেছে পুলিশ।

মন্তব্য 0