দুর্গাপুজোর প্রাকমুহূর্তে প্রতিশ্রুতি পূরণ শিয়ালদহ ডিভিশনের

বৈশাখী সাহা, কলকাতাঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও দূর্গোৎসবের সময় ভিড় সামাল দিতে যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ব্যারাকপুর স্টেশনের রানাঘাট প্রান্তে থাকা প্রশস্ত ফুট ওভার ব্রিজ এবং অতিরিক্ত প্রবেশপথের সম্মুখে একটি নতুন টিকিট বুকিং কাউন্টার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর শুভ উদ্বোধন হয়। উৎসবের মরশুম ছাড়াও ব্যস্ত সময়ে টিকিট বুকিং এর জন্য ভিড় কমাতে এই উদ্যোগ। এতে যাত্রীদের অনেকাংশে সুবিধা হবে বলে মত রেল কর্তৃপক্ষের। এছাড়াও এদিন শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে বিমানবন্দরের আদলে তৈরি আধুনিক পে অ্যান্ড ইউজ শৌচাগার কমপ্লেক্স জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে দমদম স্টেশনেও এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় রেল কতৃপক্ষ। উৎসবের সময় বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে তৈরি এই কমপ্লেক্সগুলিতে পুরুষ, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “এই উদ্যোগগুলি উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবার মাধ্যমে যাত্রীদের বাস্তব চাহিদা পূরণে শিয়ালদহ ডিভিশনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। যাত্রীদের চলাচল আরও সহজ করা, তাঁদের সুবিধা বৃদ্ধি করা এবং যাত্রার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা নিরন্তর কাজ করে চলেছি। উৎসব মুখর সময়ে রেল পরিষেবার উপর নির্ভর করে যাত্রীরা যখন নিজ গন্তব্যে পৌঁছান, তখন এই উদ্যোগগুলির গুরুত্ব বৃদ্ধি পায়।"