*ডায়মন্ড হারবারে দি আন ফাউন্ডেশনের বার্ষিক মহোৎসব, সম্প্রীতি ও মানবতার বার্তা*
*বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-* শারদীয়ার প্রাক্কালে ডায়মন্ড হারবারের আনন্দধারা ভিলায় অনুষ্ঠিত হলো দি আন ফাউন্ডেশনের বার্ষিক মহোৎসব ২০২৬। সমাজসেবা, সম্প্রীতি ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী বল্লভানন্দজি মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আকবর হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রিতা মণ্ডল, কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ মণ্ডল এবং কবি খায়রুল আনাম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রদীপ প্রজ্বলন ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘মহাজীবন সম্মাননা’এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের উদ্যোক্তা ও সমাজকর্মীদের ‘উজ্জ্বল গৌরবরত্ন সম্মাননা’ প্রদান করা হয়। পাশাপাশি অনাথ আশ্রমের শিশুদের নতুন পোশাক, বয়স্কদের শাড়ি, ধুতি ও পাঞ্জাবি এবং বিশেষভাবে সক্ষমদের ক্রাচ ও হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
এদিন ফাউন্ডেশনের দুটি নতুন উদ্যোগ—‘দি আন মেধাজ্যোতি বৃত্তি প্রকল্প’ এবং ভ্রাম্যমাণ লাইব্রেরির জন্য বই দান কর্মসূচির সূচনা হয়।
প্রধান অতিথি স্বামী বল্লভানন্দজি মহারাজ বলেন, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। ডাঃ আকবর হোসেন ফাউন্ডেশনের ধারাবাহিক সমাজকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং এ পি জে আব্দুল কালাম ও মাদার টেরিজার আদর্শ তুলে ধরেন। কবি রবীন্দ্রনাথ মণ্ডল ও কবি খায়রুল আনামও সমাজসেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সম্পাদক তথা আইনজীবী মসিহুল হক (বাপ্পা)। শেষে ফাউন্ডেশনের সভাপতি তথা আইনজীবী নূপুর মণ্ডল সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দি আন ফাউন্ডেশনের এই বার্ষিক মহোৎসব ডায়মন্ড হারবারে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল।

মন্তব্য 0