অন্নপূর্ণা টাকাতেই দুর্গার আবাহন! অনন্য দৃষ্টান্ত মুর্শিদাবাদের নবগ্রামে!

অলাল সেখ নবগ্রাম: রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ভান্ডারের ভাতা পাওয়া না-পাওয়া নিয়ে যখন ক্ষোভ ও ক্ষোভের খবর শিরোনামে উঠে আসছে, ঠিক তখনই এক বিপরীত ও অনুপ্রেরণাদায়ক ছবি দেখা গেল মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের বানিয়াপাড়ায়। অভাব-অনটনের সংসার হলেও সরকারি ভাতার টাকা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার না করে, তা জমিয়ে গ্রামের দুর্গোৎসবে দান করলেন স্থানীয় নারীরা। গ্রামীণ নারীদের এই দৃষ্টান্ত এখন এলাকার মানুষের মুখে মুখে ফিরছে।
নবগ্রামের বানিয়াপাড়া দাসপাড়ায় এবারই প্রথম সর্বজনীন দুর্গাপূজো অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে গ্রামের প্রবেশমুখে নতুন করে একটি দুর্গামন্দির তৈরি করা হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করতে সংসার চালানোর টানাপোড়েনের মধ্যেও নিজেদের ভাতার জমানো অর্থ স্বতঃস্ফূর্তভাবে তুলে দেওয়া হয় 'নবগ্রাম বানিয়াপাড়া দাসপাড়া সর্বজনীন পূজা কমিটি'-র হাতে।
পুজোর শুভ সূচনা ও নবনির্মিত মন্দির উদ্বোধনের দিন এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে এই মন্দির ও পুজোর শুভ সূচনা করেন বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি টোটন মিস্ত্রি। অনুষ্ঠানে আসা অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন গ্রামের মহিলারা। সরকারি অনুদানের জমানো টাকা মায়ের চরণে উৎসর্গ করতে পেরে আনন্দে আত্মহারা বানিয়াপাড়ার দাসপাড়ার সাধারণ নারীরা।