*নানার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, 'গুরুবিয়োগ' বললেন পঙ্কজ ত্রিপাঠী*
এস রোজলিন : কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই মায়ানগরীর আকাশ ভারী। 'আ গয়ে মেরে মওত কা তামাশা দেখনে?, 'ক্রান্তি' সিনেমার এই সংলাপ যেন আজ সেলেবপাড়ার অলি-গলিতে অনুরণিত হচ্ছে। জাতীয় পুরস্কার ও পদ্ম সম্মানে ভূষিত অভিনেতা নানা পাটেকরের প্রয়াণ সংবাদ আছড়ে পড়ার পর থেকেই মনখারাপ সিনেদুনিয়ায়। দেশজুড়ে শোকের আবহ, নেটদুনিয়াতেও শোকবার্তার ভিড়।
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, মনীষা কৈরালা, অক্ষয় কুমার সহ একাধিক তারকা।
প্রিয় বন্ধুর প্রয়াণে শোকাহত অনুপম খের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বলেন, "কাজের মাঝেই ঘণ্টা দুয়েক আগে মর্মান্তিক খবরটা পেলাম, যে আমার বন্ধু নানা পাটেকর — ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা এবং সেরা মানুষ — আর আমাদের মাঝে নেই। কার্টেন কল সেরে মঞ্চের পিছনে যাওয়ার সময় পরিচালক বললেন, 'নানা আর নেই'। কথাটা শোনার পরও হাসিমুখে বহু মানুষের সঙ্গে দেখা করতে হল, ছবি তুলতে হল। মনে হচ্ছিল নানা নিশ্চয়ই চাইতেন আমি যেন আমার কাজটা শেষ করি।"
তিনি আরও বলেন, "ওঁকে যতটা চিনি, শ্রদ্ধার্ঘ্য বা বিশেষভাবে স্মরণের কথা শুনলেই ও হয়তো হেসেই উড়িয়ে দিত। বলত — 'আরে তাতে কী হয়েছে? মারা গিয়েছি তো, কী এমন বড় ব্যাপার? সবাই তো মরেই যায়।' এমনই ছিল আমাদের নানা। সোজাসাপটা, অনাড়ম্বর। বন্ধু, তোমার অভাববোধ করব খুব।"
মিঠুন চক্রবর্তী বলেন, "আমি গভীরভাবে শোকাহত। নানা ছিলেন আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। উনি বহু মানুষকে সাহায্য করতেন। লোকে বলত ওঁর মেজাজ চড়া, কিন্তু রাগ তো তখনই হয় যখন সবকিছু বিশৃঙ্খলভাবে চলে। সিনেমার গণ্ডি ছাড়িয়েও আমাদের বন্ধুত্ব অনেক গভীর ছিল।"
পঙ্কজ ত্রিপাঠী নানাকে 'গুরু' সম্বোধন করে বলেন, "এটা আমাদের সমগ্র সিনেজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। 'ক্র্যাক' সিনেমায় ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। উনি শুধু সহ-অভিনেতাই ছিলেন না, পথপ্রদর্শকও ছিলেন। ওঁর চলে যাওয়া আমার কাছে গুরুবিয়োগের মতো।"
মনোজ বাজপেয়ী লেখেন, "অবিশ্বাস্য! যাঁরা সিনেজগতে জায়গা করে নেওয়ার আশায় মুম্বইতে এসেছিলাম, তাঁদের অনেকের কাছেই নানা ছিলেন অনুপ্রেরণা।"
মনীষা কৈরালা বলেন, "একজন মহান অভিনেতা ও প্রকৃত দিকপালকে হারালাম।" অক্ষয় কুমার লেখেন, "বলিউডের বিরল অভিনেতা। যাঁকে দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য কখনও অতিরিক্ত কিছু করতে হত না। 'ওয়েলকাম' এবং 'হাউসফুল ৫'-এ ওঁর সঙ্গে কাজের স্মৃতি সযত্নে আগলে রাখব।" ক্রিকেটপ্রেমী নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলিও।

মন্তব্য 0