*অ্যামাজন-অ্যাপেলের নামে মার্কিন নাগরিকদের ৩০ কোটি টাকা প্রতারণা, নিউটাউনে ভুয়ো কলসেন্টারে হানা, ধৃত ২৪*
এস মন্ডল: কলকাতা: অ্যামাজন, অ্যাপেলের মতো নামী কোম্পানির টেক সাপোর্টের নাম করে মার্কিন নাগরিকদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগে বুধবার রাতে নিউটাউনের ইকো স্পেসে অভিযান চালাল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জন মহিলা এবং ১১ জন পুরুষ। ধৃতদের বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের ইকো স্পেসে প্রায় ২ হাজার বর্গফুট জায়গা জুড়ে চলছিল এই ভুয়ো কলসেন্টার। সেখান থেকে আমেরিকার নাগরিকদের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।
অভিযানে কলসেন্টার থেকে ৫৩টি ডেস্কটপ, ৪টি ল্যাপটপ, ২৪টি মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত স্ক্রিপ্ট উদ্ধার করা হয়েছে। সেই স্ক্রিপ্ট দেখেই মার্কিন নাগরিকদের সঙ্গে কথা বলে প্রতারণা করত অভিযুক্তরা।
বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার রাঠোর অমিতকুমার ভারত সাংবাদিক বৈঠকে জানান, টেক সাপোর্ট দেওয়ার নাম করে এই প্রতারণা চক্র চলত। এর পিছনে বিভিন্ন স্তর ছিল। একটি দল আমেরিকার নাগরিকদের সঙ্গে কথা বলত, অন্য একটি দল টাকা লেনদেনের কাজ সামলাত। যে জায়গা থেকে এই কাজ পরিচালনা করা হত, সেখানেই অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, এই চক্রের সব স্তরের অপরাধীকে ধরা হবে এবং মূল মাথাকে ধরতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য 0