বন্ধ অ্যাপ ক্যাব থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বৈশাখী সাহা, কলকাতাঃ

সাত সকালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বন্ধ অ্যাপ ক্যাব থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। কলকাতার এন্টালি থানা এলাকার ট্যাংরার পিলখানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা য়ায়, এদিন সকালে পিলখানা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বন্ধ অ্যাপ ক্যাবের পিছনের আসনে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যাক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এক মেকানিকের সহায়তায় ক্যাবটির দরজা খুলে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির শরীর ছিল অসার। নাড়ির কোনও স্পন্দন পাওয়া যায়নি। দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল মৃতের পা দুটি। বিষয়টি জানতে পেয়ে কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড, সাইন্টিফিক উইন এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ওই ব্যক্তিকে অত্যন্ত সুকৌশলে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। ইতিমধ্যেই ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি কোথা থেকে কিভাবে ক্যাবের ভিতরে এসেছেন, তাঁর পা বাঁধা ছিল কেন, তাঁর মৃত্যুই বা কিভাবে হয়েছে- উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। ঘনীভূত হয়েছে রহস্য। ওই রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। ঘটনায় ক্যাব চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।