*ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, এবার নিজের বিধানসভা কেন্দ্র এলাকা বেলেঘাটাতেই*
এস রোজলিন:কলকাতা: ফের কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ। শনিবার হুগলির উত্তরপাড়ায় যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই রবিবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটাতেই কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠল।
কুণাল ঘোষের দাবি, এদিন তিনি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন তখন থেকেই একটি বাইক বাহিনী তাঁকে ফলো করছিল। তাঁর গাড়ি যত এগিয়েছে, বাইকের সংখ্যা তত বেড়েছে। প্রত্যেকের মুখ বাঁধা ছিল এবং হাতে হাতুড়ি ছিল। ফুলবাগানের মোড় দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে ফেলার চেষ্টা করা হয়। গাড়ি ঘিরে ফেলা হচ্ছে বুঝতে পেরে তিনি গাড়ি ঘোরাতেই পিছন থেকে ইট-পাথর ছোড়া হয়। ঘর ঘঘঘঘতাঁর আরও অভিযোগ, নারকেলডাঙা মেন রোডে ঢুকতেই বাইকগুলি তাঁর গাড়ি ঘিরে ধরে এগিয়ে আসে, রাস্তা আটকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং পাথর ছুড়তে থাকে। গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয় এবং হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এমনকি হাতে বন্দুকও ছিল বলে দাবি করেছেন তিনি। প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর বেলেঘাটার বিধায়ক বলেন, ‘উত্তরপাড়ায় আমার উপরে হামলা করে শান্তি হয়নি। আমি নিশ্চিত আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে।’
অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া, তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। তাদের একাধিক শিবিরের লড়াইয়ের ফলেই এই ঘটনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘এখন তো দুই তৃণমূলের লড়াই। অর্থাৎ ঋতব্রত তৃণমূল ও মমতার তৃণমূলের মধ্যে লড়াই। তার ফলেই এটা হয়েছে, আমার কাছে খবর এল। এটা ওদের ঘরের বিষয়, স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই। ওদেরকেই মেটাতে হবে। দলটা তো ওদেরই। আমার মনে হয় মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য নিজেই করছেন কি না দেখা উচিত।’ সূত্রের খবর, এই ঘটনার পরেই নারকেলডাঙা থানায় যান কুণাল ঘোষ। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মন্তব্য 0