ঝাড়গ্রামের ১০টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের সামগ্রী হস্তান্তর করল এলআইসি হাউসিং ফিনান্স
ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা পরিকাঠামোকে আধুনিক ও সময়োপযোগী করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড (LICHFL)। সংস্থার সামাজিক দায়বদ্ধতা তহবিল বা সিএসআর (CSR) ‘সাথী’ (SATHI) প্রকল্পের আওতায় আজ বিনপুর ১ ও ২ ব্লকের ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টিআইসি-দের হাতে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হল। বাঁশপাহাড়ী কেপিএসসি হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সামগ্রী হস্তান্তর পর্ব সম্পন্ন হয়।সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেডের পূর্বাঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী সত্যেন্দ্র মোহন নাইথানি, ঝাড়গ্রামের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শ্রী জগবন্ধু ব্যানার্জি এবং বন্ধন-কোন্নগরের প্রধান নির্বাহী অধিকর্তা শ্রী সঞ্জীব কুমার দাস। এ ছাড়াও সংশ্লিষ্ট দশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহশিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় বিনপুর ১ ও ২ ব্লকের মোট ২০টি বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। শুধু স্মার্ট ক্লাসরুম তৈরিই নয়, ডিজিটাল পরিকাঠামোর যথাযথ ব্যবহারে প্রতিটি বিদ্যালয়ের নোডাল শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে বিদ্যালয়গুলির গ্রন্থাগার সংস্কার এবং বিশেষ করে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় উন্নত শৌচালয় গড়ে তোলার সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বক্তারা জানান, পিছিয়ে পড়া অঞ্চলের পড়ুয়াদের কাছে ডিজিটাল শিক্ষার সুযোগ পৌঁছে দিতে এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত করতে এই যৌথ প্রচেষ্টা এক ইতিবাচক দিশা দেখাবে। আধুনিক উপকরণের মাধ্যমে পাঠদানের সুযোগ পেয়ে খুশি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উভয়েই।

মন্তব্য 0