প্রকাশিত কলকাতা পুরনিগম নির্বাচনের খসড়া আসন তালিকা

বৈশাখী সাহা, কলকাতাঃ

আসন্ন কলকাতা পুরনিগমের নির্বাচনের কথা মাথায় রেখে প্রকাশিত হল খসড়া আসন। কলকাতা পুর এলাকায় রয়েছে মোট ২০৯ টি আসন। তাঁর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে ৭০ টি আসন। বিজ্ঞপ্তি অনুযায়ী ওই ৭০ টি আসনের মধ্যে সাধারণ বিভাগের মহিলাদের জন্য বরাদ্দ ৬৬ টি আসন এবং বাকি ৪ টি আসন তফসিলি জাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মহিলা আসন সংরক্ষণের পাশাপাশি সাধারণ তফসিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে ৮টি আসন। ওই খসড়া আসন তালিকায় তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য কোনও আসন সংরক্ষিত করা হয়নি।
কলকাতা পুরনিগম সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এটি কেবল ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক তালিকা। এই তালিকার ওপর সাধারণ নাগরিক, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও অভিযোগ, অনুযোগ কিংবা আপত্তি থাকলে তা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সমস্ত আবেদন ও আপত্তি খতিয়ে দেখার জন্য পরবর্তী দুই সপ্তাহ সময় রাখা হয়েছে। ওই মেয়াদ শেষে সমস্ত অভিযোগ নিষ্পত্তি করে পুরসভার চূড়ান্ত আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।
তালিকা অনুযায়ী তফসিলি জাতির জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলি হল ৬, ২৮, ৩১, ৫২, ৭৫, ১২৬, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড। পাশাপাশি তফশিলি জাতির মহিলাদের জন্য ৬, ৫২, ১৪৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ মোট ৪টি আসন নির্দিষ্ট করা হয়েছে।
খসড়া তালিকায় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত মোট ৬৬টি ওয়ার্ডগুলি যথাক্রমে ১, ৪, ৮, ১১, ১৪, ১৭, ২০, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৭, ৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৬, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭১, ৭৪, ৭৮, ৮১, ৮৪,৮৭, ৯০, ৯৩, ৯৬, ৯৯, ১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৭, ১৩০, ১৩৩, ১৩৬, ১৩৯, ১৪২, ১৪৬, ১৪৯, ১৫২, ১৫৬, ১৬০, ১৬৩, ১৬৬, ১৬৯, ১৭২, ১৭৫, ১৭৮, ১৮১, ১৮৪, ১৮৭, ১৯০, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫, এবং ২০৮ নম্বর ওয়ার্ড।
আগামী কলকাতা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এই খসড়া তালিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোন ওয়ার্ডে কোন শ্রেণীর প্রার্থী সংরক্ষণের আওতায় পড়বেন, তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে হিসাব-নিকাশ শুরুর সম্ভাবনা রয়েছে। এটি যেহেতু চূড়ান্ত তালিকা নয়, তাই আগামী দুই সপ্তাহে পাওয়া আপত্তি ও পরামর্শ পর্যালোচনার পর সংরক্ষণ সংক্রান্ত তালিকায় কোনও পরিবর্তন আসে কিনা, সেটাই দেখার বিষয়।