*নেতরা হাই স্কুলে বৃত্তি পরীক্ষা! ১২টি স্কুলের ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ, পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের মুখে হাসি:-*

*বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:-* পড়াশোনায় মেধার বিকাশ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি এবং কৃতী পড়ুয়াদের উৎসাহিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে নেতরা হাই স্কুলে আয়োজিত হল বৃত্তি পরীক্ষা। গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষা ৩০ অক্টোবর শেষ হয়। এলাকার প্রায় ১২টি স্কুলের ২০০-রও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

চার দিন ধরে চলা এই পরীক্ষা ঘিরে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়। পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত পড়ুয়ারাও।

উল্লেখ্য, প্রাথমিক স্তরে পাশ-ফেল ব্যবস্থা এবং চতুর্থ শ্রেণির শেষ পরীক্ষা বন্ধ হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা শিক্ষা আন্দোলনের ধারাবাহিকতায় বরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে রাজ্যজুড়ে চতুর্থ শ্রেণির শেষ পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে এই সংস্থা।

পর্ষদের উদ্যোগে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, প্রশ্নপত্র, উত্তরপত্র, মার্কশিট ও সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি কৃতী পড়ুয়াদের উৎসাহিত করতে রাজ্য ও জেলা স্তরে বৃত্তি প্রদানের ব্যবস্থাও রয়েছে। পর্ষদের তথ্য অনুযায়ী, রাজ্যস্তরে ১২০০ টাকা এবং জেলাস্তরে ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

মূলত অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। আগামী দিনেও এই শিক্ষামূলক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সর্বস্তরের মানুষের আর্থিক ও সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ।

শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং পড়ুয়াদের উৎসাহিত করার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল!