জিইএম পোর্টাল থেকে কেনাকাটা বাধ্যতামূলক, নির্দেশ অর্থ দফতরের
বৈশাখী সাহা, কলকাতাঃ
এবার থেকে অফিস ফার্নিচার স্টেশনারি সহ অনেক সার্ভিস কন্ট্রাক্ট লোকাল ভেন্ডরের পরিবর্তে বাধ্যতামূলকভাবে গভঃ ই- মার্কেটপ্লেস তথা জিইএম পোর্টাল থেকেই কিনতে হবে। এই মর্মে একটি মেমো জারি করে তিন মাসের ডেট লাইন বেঁধে দিয়েছে বঙ্গের অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ গ্রুপ টি। মেমোয় বলা হয়েছে, নির্দেশ জারি হওয়ার তিন মাসের মধ্যে সম্পূর্ণ অন বোর্ডিং প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এই সময়কালের মধ্যে যে সব দপ্তর, ট্রেজারি, ব্লক অফিস, সাব ডিভিশন এখনও জিইএম পোর্টালে নথিভুক্ত হয়নি, তাদের সেই কাজ দ্রুতই করে নিতে হবে। অর্থ দপ্তরের অডিট শাখার টি ব্রাঞ্চের তরফে জারি করা এই মেমো শুধুমাত্র সচিবালয়ের জন্য নয়। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, কলকাতার তিনটি পে এন্ড অ্যাকাউন্টস অফিস, ডিরেক্টর অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস, ডিভিশনাল কমিশনার, জেলা জজ, জেলা শাসক, সাব ডিভিশনাল অফিসার, পুলিশ সুপার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ট্রেজারি অফিসারকেও পাঠানো হয়েছে।যেখানে বলা হয়েছে, লোকাল ভেন্ডরের কাছ থেকে এবার থেকে অফিস ফার্নিচার স্টেশনারি সহ সমস্ত সার্ভিস কন্ট্রাক্ট ক্রয় বন্ধ করতে হবে। পরিবর্তে গভর্মেন্ট ই- মার্কেটপ্লেস থেকে ওই সামগ্রী গুলো কিনতে হবে। এখনও যেসব অফিস জিইএম এ নথিভুক্ত হয়নি, অবিলম্বে তাদের সেখানে নথিভুক্ত হতে হবে। তিন মাস পর সাধারণ পদ্ধতিতে কেনাকাটা করা হলে অডিটে আপত্তি ওঠার সম্ভাবনা রয়েছে। তাই ঝামেলা এড়াতে অর্থ দফতরের তরফে এই মেমোর মাধ্যমে সকল দফতর ও অধস্তন অফিসকে তিন মাসের মধ্যে জিইএম-এ অনবোর্ডিং সম্পূর্ণ করতে বলা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার বা স্টোর ও পন্য ক্রয় শাখায় কর্মরতদের কাজের নিয়মে বদল আনতে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বেশি দক্ষতা, স্বচ্ছতা ও অর্থশাস্ত্র সুনিশ্চিত করতে রাজ্যের নিয়ন্ত্রণাধীন যাবতীয় ক্রয়কারী সংস্থাকে জিইএম পোর্টালের সঙ্গে যুক্ত হতে নির্দেশ দিয়েছে অর্থ দফতর।

মন্তব্য 0