*স্বরূপনগরে অবৈধ অনুপ্রবেশকাণ্ডে গ্রেপ্তার সেনা জওয়ান সহ ৩, চাঞ্চল্য সীমান্তে*
এস রোজলিন, কলকাতা: বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকানোর অভিযোগে এক ভারতীয় সেনা জওয়ান সহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের দহরকন্দা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে কাঁটাতারের বেড়া টপকে দুই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা জয় বারুই ও বৈশাখী বারুইকে অবৈধভাবে ভারতে ঢোকানোর মূল কারিগর গৌতম অধিকারী। পুলিশের দাবি, গৌতম অধিকারী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং বর্তমানে যোধপুরে পোস্টেড। তাঁর বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়।
এরপরই তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃত তিনজনকে বসিরহাট আদালতে পেশ করা হয়। পুলিশের অনুমান, এই অনুপ্রবেশের নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

মন্তব্য 0