*ভাঙড় কলেজে সায়ন্তন বসুকে ঘিরে উত্তেজনা, SFI-ISF বিক্ষোভে ধুন্ধুমার - পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ*
এস রোজলিন: কলকাতা: বিজেপি নেতা তথা ভাঙড় কলেজের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুর কলেজে আসাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে। জানা গেছে, সায়ন্তন বসু কলেজে আসবেন এই খবর পেয়েই কলেজের মূল গেট আটকে বিক্ষোভ শুরু করেন SFI ও ISF সমর্থিত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। বিক্ষোভ চলাকালীনই পাল্টা স্লোগান দিতে শুরু করে ABVP-র সদস্যরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর।বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে বাইরে রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী।
এরপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, পুলিশ কলেজের পাঁচিল টপকে ভিতরে ঢুকে তাঁদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় ISF সমর্থিত বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলেও দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁদের আরও অভিযোগ, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর পুলিশি নিরাপত্তা বলয়ে ঘিরে সায়ন্তন বসুকে কলেজের ভিতরে প্রবেশ করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও লাঠিচার্জের অভিযোগ এবং আটকের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

মন্তব্য 0