বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের অনুমান এগুলি চুরির ফোন। এই অভিযোগে দুই ব্যক্তিকেই আটক করা হয়। ধৃতদের নাম ইমরান আহমেদ (২৩) এবং আসিফ আলি ওরফে ছোটু (৩২)। ইমরান বাংলাদেশের শরিয়তপুর জেলার বাসিন্দা। আসিফের বাড়ি উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায়।ব়ৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কিড স্ট্রিটের ক্লাসিক হোটেলের কাছ থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া সিমগুলি বাজেয়াপ্ত করা হয়। পার্ক স্ট্রিট থানায় দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এর পিছনে কোনও বড় চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এই প্রথম নয়। এর আগেও পশ্চিমবঙ্গ থেকে ফোন চুরি করে বাইরে পাচার করার ঘটনা ঘটেছে। বিগত পাঁচ বছরে ন’জন বাংলাদেশি নাগরিককে ফোন চুরির দায়ে গ্রেফতার করেছে পুলিশ।