চিনা মাঞ্জার জেরে বিপদ, মা উড়ালপুলে আহত বাইক আরোহী
বৈশাখী সাহা, কলকাতাঃ
উড়ালপুলের উপরে মাঞ্জা সুতো এসে পড়ায় অতীতে বহু বড়সড় দুর্ঘটনা ঘটেছে। বিপদ এড়াতে কেএমডিএ-র পক্ষ থেকে সেতুর রেলিং বরাবর লোহার তার লাগিয়ে দেওয়া হলেও ওই সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো পুরোপুরি বন্ধ হয়নি। স্বভাবতই চিনা মাঞ্জা সুতোর জেরে ভয়াবহ বিপদে পড়ে মৃত্যু, আহত হবার দৃশ্য কলকাতার মা উড়ালপুল থেকে প্রায়শই উঠে আসে সংবাদমাধ্যমের পর্দায়। এবার সেই ঘটনার সাক্ষী থাকলেন খোদ রাজ্যের মন্ত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মন্ত্রীর উদ্যোগেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মা উড়ালপুল দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা চিনা মাঞ্জা সুতো গলায় পেঁচিয়ে যায় আরোহীর। গলার কাছে কেটে যাওয়ার পাশাপাশি ব্রেক কষতেই বাইক নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই বাইক চালক। দৃশ্যটি নজরে আসতেই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে পিছনে থাকা একটি চারচাকা গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ওই গাড়িটির পিছনে আসা অন্য এক বাইক চালক তাঁর বাইকের গতি সামলাতে গিয়ে ব্রেক কষতেই গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। ফলে রাস্তায় ছিটকে পড়ে ওই বাইক আরোহীও গুরুতর আহত হয়। দুর্ঘটনাটি ঘটে যাবার কয়েক মিনিটের মধ্যেই মা উড়ালপুল দিয়ে যাচ্ছিল বঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গাড়ি। দুর্ঘটনার কথা জানতে পেরে গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে যান মন্ত্রী। এরপর পুলিশের সাহায্যে আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ওই ঘটনার নিরিখে এলাকায় মাঞ্জা সুতো ব্যবহারের বিরুদ্ধে কড়া সতর্কতামূলক প্রচার চালানোর নির্দেশ দেবার পাশাপাশি, ভবিষ্যতে মাঞ্জা সুতোর কারণে যাতে আর কোনোরূপ দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে বাড়তি নজরদারি এবং সতর্কতা অবলম্বনের নির্দেশও দেন মন্ত্রী।

মন্তব্য 0