অফিসের দৃশ্যমান স্থানে নেতাজির ছবি রাখার নির্দেশ বিকাশ ভবনের

বৈশাখী সাহা, কলকাতাঃ

২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসু-র জন্মজয়ন্তী। আর তার আগেই রাজ্যের সমস্ত সরকারি অফিসের দৃশ্যমান স্থানে সরকার অনুমোদিত নেতাজি সুভাষচন্দ্র বসু-র নির্দিষ্ট ছবি রাখার নির্দেশ দিল বিকাশ ভবন। শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের এক যৌথ বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারি কার্যালয়গুলিতে জাতীয় মনীষীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের মহান আদর্শ জনমানসে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত প্রশাসনিক মহলের। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত সরকারি কার্যালয়ের মর্যাদাপূর্ণ দৃশ্যমান স্থানে রাখতে হবে সরকারি অনুমোদনপ্রাপ্ত নেতাজির অফিসিয়াল ছবিটি। এই নির্দেশিকা জেলা পরিদর্শকদের অধীনস্থ সমস্ত সাব-অর্ডিনেট বা অঞ্চলিক অফিসগুলির ক্ষেত্রেও জারি থাকবে বলে জানা গেছে। জেলার শিক্ষা আধিকারিকদের কলকাতার আলিপুর এর 'উত্তীর্ণ' থেকে নেতাজির নির্ধারিত ছবিটি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকা হাতে পাওয়ার পরই নেতাজির অনুমোদিত প্রতিকৃতি সংগ্রহ এবং তা যথোপযুক্ত স্থানে সুপ্রতিষ্ঠিত করার প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরগুলিতে।