বিগত দশ দিন ধরে আলিয়া বিশ্ববিদ্যালয় পার্কসার্কাস ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয় মূলত রাজ্যের অনগ্রসর ও সংখ্যালঘু মুসলিম সমাজের উচ্চশিক্ষার লক্ষ্যে (আলিয়া মাদ্রাসার ওপর ভিত্তি করে) গড়ে উঠেছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর থেকে সরিয়ে ‘উন্নয়নের লক্ষ্যে’ সম্পূর্ণভাবে উচ্চশিক্ষা দফতর -এর অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। এখন সরকারের হঠাৎ আলিয়ার উন্নয়নের কেন প্রয়োজন হয়ে পড়ছে তা বলার অবকাশ রাখেনা। এতে একদিকে আলিয়ার স্বায়ত্তশাসন, তার স্বতন্ত্র চরিত্র এবং শতাব্দীপ্রাচীন ঐতিহ্য সম্পূর্ণ নস্যাৎ করার চেষ্টা যেমন রয়েছে তেমনি প্রান্তিক বিভিন্ন জেলা থেকে আসা মুসলিম ছাত্র-ছাত্রীরা আগের মতো বিশেষ সুযোগ বা অগ্রাধিকার পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নীতিগত প্রশ্ন।

আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল সামাজিক উদ্দেশ্য ছিল রাজ্যের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া বিশেষ করে মুসলিম ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় টেনে আনা। বহু সীমাবদ্ধতা নিয়েও সংখ্যালঘু দফতরের অধীনে থাকা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিশেষ কেন্দ্রীয় ও রাজ্য স্তরের সংখ্যালঘু উন্নয়ন ফান্ডের বৃত্তি ও অনুদান পেতেন। উচ্চশিক্ষা দফতরের অধীনে এলে এই আর্থিক সহযোগিতা ও বৃত্তির কাঠামো সাধারণ নিয়মে বদলে যাওয়ার বা কমে যাওয়ার স্পষ্টতই আশঙ্কা রয়েছে।

এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন্দ্রীয় সরকারের আনা ‘আইএসআই বিল, ২০২৬’-এর বিরুদ্ধে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ও ছাত্ররা আন্দোলন করছেন, যার অন্যতম কারণ এই বিলের মাধ্যমে প্রতিষ্ঠানের নিজস্ব কাউন্সিল ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা কেন্দ্র-মনোনীত 'বোর্ড অফ গভর্নরস' (BoG)-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। একইভাবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সংখ্যালঘু দফতরের বিশেষ স্বাতন্ত্র্য ও প্রশাসনিক স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সাধারণ আমলাতান্ত্রিক কাঠামোর অধীনে আনা হচ্ছে, যা প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বায়ত্তশাসনকে খর্ব করে। তাই আইএসআই নিয়ে আমরা যারা সরব, জাতীয় শিক্ষানীতির কর্পোরেট মডেলের বিরুদ্ধে আমরা যারা সরব, আমাদের উচিত আলিয়ার এই সংকটের সময় তাদের লড়াইয়ের পাশে দাঁড়ানো। আসলে আলিয়া হোক বা আইএসআই, যাদবপুর বা এসআরএফটিআই, শহর ও জেলা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উপর এই আক্রমণ কোনটাই বিচ্ছিন্ন নয়। আক্রমণের পিছনে থাকা অংশ যদি এক হয়, আক্রান্তদের সংগঠিত প্রতিরোধ, এক হওয়া ছাড়া উপায় নেই।

আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হল গণ কনভেনশন। বিষয়- আলিয়া বিশ্ববিদ্যালয়: ঐতিহ্য, সংকট ও সম্ভাব্য উত্তরণ। বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা ছাড়াও ছিলেন সাংবাদিক, গবেষক, আইনজীবী, সমাজের বিভিন্ন অংশের মানুষ।