মা উড়ালপুলে বসছে ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড

বৈশাখী সাহা, কলকাতা:

গাড়িচালক ও যাত্রী সুবিধার্থে কলকাতার মা উড়ালপুলে 'ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড' বসনোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সল্টলেক এবং বিমানবন্দরের লাইফ লাইন হল মা উড়ালপুল। ওই উড়লপুলে প্রায়শই ঘটে ছোট বড় দূর্ঘটনা, কখনো হঠাৎ বিকল হয় গাড়ি। যার জেরে সেতুতে ওঠার পর কিছুদূর গিয়েই গাড়ি ফেঁসে যায় জ্যামে। কিন্তু সেই জ্যামে ফেঁসে যাওয়ার আগে সেতুর উপরের অবস্থা ঘুনাক্ষরেও টের পায় না চালক। সেতুতে ওঠার পর এরকম পরিস্থিতি হলে, গাড়ি উল্টো মুখে ঘুরিয়ে সেতু থেকে নামার উপায়ও থাকতো না। কারণ এত দীর্ঘ উড়ালপুলে মিডিয়ান কাট আউট ছিল মাত্র তিনটি। সম্প্রতি কলকাতা ট্রাফিক পুলিশ উড়ালপুলের ওপর যানজট কমানো এবং কোনো বিকল গাড়ি দ্রুত সরিয়ে নেওয়ার সুবিধার্থে মিডিয়ান কাটিংয়ের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৬টি করেছে। এবার উড়ালপুলে ওঠার পূর্বে চালকেরা যাতে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, তার ব্যবস্থা করতে 'ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড' বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যাত্রী সুবিধার্থে সোমবার থেকেই মা ফ্লাইওভারে বসবে সেই 'ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বোর্ড'। ফলে সেতুতে ওঠার আগে গাড়ির চালক দেখতে পাবেন উড়ালপুলের উপর কোনও দূর্ঘটনা ঘটেছে কিনা, যানজট আছে কিনা, রোড ক্লোজড অর কনজেস্টেড অ্যাহেড অথবা রোড ক্লিয়ার অপশন এমনকি ডিভাইডার কাটিংও। সেই অনুযায়ী গাড়ির চালক সিদ্ধান্ত নিতে পারবেন তিনি সেতুতে উঠবেন নাকি নিচের বিকল্প রাস্তা ধরে যাবেন। অন্যদিকে ওই সেতুতে চলমান গাড়ির নম্বর প্লেট দেখে গাড়ির নথি ঠিকঠাক আছে কিনা তাও বুঝতে পারবে বলে জানায় পুলিশ।