রাইলস টিউব কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার

বৈশাখী সাহা, কলকাতাঃ

রাইলস টিউব কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হয় এক গৃহবধূ। প্রায় ২ লক্ষ টাকা খোয়া যায় তাঁর। পুলিশের দারস্থ হয়ে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে একটি নতুন মোডাস অপারেন্ডি বা পদ্ধতি অবলম্বন করে টাকা হাতিয়ে নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছে প্রতারকেরা। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেট যুক্ত নয়, সেই অ্যাকাউন্টের সঙ্গে ওয়ালেটের অ্যাকাউন্ট যুক্ত করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। এমনই এক অভিযোগের কথা উল্লেখ করে পুলিশ জানায়, উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলার শাশুড়ি অসুস্থতার কারণে খেতে পারছিলেন না বলে রাইলস টিউবের সাহায্যে বৃদ্ধাকে বাড়িতেই খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মহিলা উত্তর কলকাতার একটি নার্সিংহোমের নম্বর খুঁজছিলেন। অনলাইনে সেই নম্বর খুঁজতে গিয়েই ঘটে বিপত্তি। নার্সিংহোম বলে দাবি করা একজনের নম্বর খুঁজে পেতেই সেই নম্বরে কল করেন ওই মহিলা। এক ব্যক্তি কল রিসিভ করে নিজেকে নার্সিংহোমের কর্মী বলে পরিচয় দেয় এবং ই ওয়ালেটের মাধ্যমে তাঁর দেওয়া নম্বরে পাঁচ টাকা পাঠাতে বলে। মহিলা তৎক্ষণাৎ সেই নম্বরে ই ওয়ালেটের মাধ্যমে ৫ টাকা পাঠান। কিন্তু তাঁর অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা কাটা না যাওয়ায় হকচকিয়ে যান তিনি। কিছুক্ষণ পর তাঁর বেসরকারি ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট থেকেই মহিলার কাছে মেসেজ আসে। মেসেজ পড়ে জানতে পারেন দুটি অ্যাকাউন্ট থেকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। অভিযোগ, তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেটের যোগ থাকলেও দ্বিতীয়টির সঙ্গে ই ওয়ালেট যুক্ত ছিল না। কিন্তু প্রতারক অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেট অ্যাকাউন্ট যোগ করে টাকা হাতিয়ে নেয়। মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলে জানায় পুলিশ।