হেডমাস্টার ছিলেন পেশায়, নেশা ঢাক বাজানো! এবার মুম্বই পাড়ি দিচ্ছেন কোলাঘাটের বিনয় বারিক

পূর্ব মেদিনীপুর: পেশায় ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষকতার পাশাপাশি কখনও ছাড়েননি বংশপরম্পরায় চলে আসা ঢাক বাজানোর ঐতিহ্য। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ধর্মবেড় গ্রামের বাসিন্দা বিনয় বারিক এবার দুর্গাপুজোয় ঢাক বাজাতে পাড়ি দিচ্ছেন মুম্বই।

ছোটবেলা থেকেই বাবার হাত ধরে ঢাক বাজানো শিখেছেন বিনয়বাবু। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষ হলেও আজও ঢাকের প্রতি তাঁর ভালোবাসা অটুট। এবার মুম্বইয়ের ভাশি এলাকায় অসমিয়া ভবনের পুজো কমিটিতে ঢাক বাজানোর বরাত পেয়েছেন তিনি।

আগামী ১৩ অক্টোবর মেচেদা রেলস্টেশন থেকে ট্রেনে করে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন বিনয়বাবু। তাঁর সঙ্গে ধর্মবেড় গ্রামের মোট ১২ জনের ঢাকির দল যাচ্ছে।

তবে বর্তমান প্রজন্মের মধ্যে এই পেশার প্রতি আগ্রহ কমে যাওয়ায় আক্ষেপ রয়েছে তাঁর। যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিন পূর্বপুরুষের এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিনয় বারিক।

#HaldiaLive #Kolaghat #PurbaMedinipur #DurgaPuja2026 #Dhaki