**নকল লেফটেন্যান্ট কর্নেল সেজে প্রতারণার অভিযোগ! নবগ্রামে সেনা গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১!**
**আলাল সেখ, নবগ্রাম**:
সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র আর 'গভর্নমেন্ট অফ ইন্ডিয়া' স্টিকার লাগানো বিলাসবহুল গাড়ি! নিজেকে ভারতীয় সেনাবাহিনীর 'লেফটেন্যান্ট কর্নেল' এবং মিলিটারি ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকার প্রতারণার অভিযোগ। অবশেষে সেনা গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলো এক ভুয়ো সেনা আধিকারিক।
ঘটনাটি মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম তরুণ দাস। তার বাড়ি সাগরদিঘি থানা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা আর্মি ইন্টেলিজেন্সের নজরদারির ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ ও সেনা গোয়েন্দারা যৌথ অভিযান চালায়। গত রবিবার ৩৪ নম্বর জাতীয় সড়কের (নবগ্রাম-পলসন্ডা সড়ক) শিবপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযুক্তের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে:
'গভর্নমেন্ট অফ ইন্ডিয়া' স্টিকার লাগানো একটি গাড়ি
৩টি ওয়াকিটকি ও একাধিক স্মার্টফোন
ভূয়ো সেনা পরিচয়পত্র ও সেনার ইউনিফর্ম
বেশ কিছু সন্দেহজনক নথিপত্র ও নগদ টাকা
সোমবার ধৃত তরুণ দাসকে নবগ্রাম থানা থেকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত এবং উদ্ধার হওয়া ভুয়ো নথিপত্র দিয়ে অন্য কোনো দেশবিরোধী কাজ চালানো হতো কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য 0