জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হল বনগাঁ-বাগদা রোড

বৈশাখী সাহা, কলকাতাঃ

দীর্ঘদিনের বেহাল দশা থেকে মুক্তি পেয়ে বনগাঁ-বাগদা সড়কটিকে এবার ৩১২ নম্বর জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সীমান্ত সুরক্ষায় উল্লেখযোগ্য উন্নতি ঘটার পাশাপাশি দীর্ঘদিনের রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন
নিত্যযাত্রী ও স্থানীয়রা। এমনই আশা করা হচ্ছে। দীর্ঘ করুণ দশা থেকে মুক্তি পেতে চলেছে বনগাঁ-বাগদা সড়ক। দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরা জরাজীর্ণ অবস্থায় থাকা বনগাঁ-বাগদা সড়কে ছোট বড়ো দুর্ঘটনা ঘটে অকালে ঝড়েছে বহু প্রাণ। বিকল হয়েছে বহু যানবাহন। যার জন্য বাগদা সড়কে যাতায়াত 'নরক যন্ত্রণা'-র সমতুল্য বলে মত প্রকাশ করেছে বহুজন। ভোট আসলেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা সরব হতেন। আর প্রশাসনও সাময়িক মেরামত-এর মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে। কিন্তু সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জনসাধারণের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। সম্প্রতি খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া বাগদা সড়কটিকে চার লেনে সম্প্রসারিত করা হবে বলে ঘোষণা করেন। আর তা সফল করতে শুরু হয় প্রশাসনিক তৎপরতা। অবশেষে ৩১২ নম্বর জাতীয় সড়কের অন্তর্ভুক্তির মাধ্যমে সড়কটির আধুনিকীকরণের পথ প্রশস্ত হয়। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, এতদিন জমি সংক্রান্ত জটিলতার কারণে ৩১২ নম্বর জাতীয় সড়কের কাজ শুরু করা যায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্যার সমাধান হয়। প্রথম পর্যায়ে নদিয়া জেলার দত্তফুলিয়া থেকে বসিরহাট পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শুরু হবে। তিনি আরও বলেন যে, এই সড়কটি সীমান্ত সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাগদা সড়কের কাজ দ্রুত শুরু হওয়ার খবরে স্থানীয় বাসিন্দারা আনন্দিত। স্থানীয়দের কথায়, সড়কটি সম্প্রসারণের ফলে যাতায়াত ব্যবস্থার উন্নতির সাথে সাথে এলাকার অর্থনৈতিক উন্নয়নও হবে বলে তাঁরা আশাবাদী।