ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সবার মন জয় করে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ আতিফ নামের এক দরিদ্র যুবকের করুণ আরজিতে সাড়া দিয়েছেন পান্ডিয়া, যিনি গত ১৫ দিন ধরে তাঁর অসুস্থ ও বৃদ্ধা মায়ের সাথে ফুটপাতে রাত কাটাচ্ছিলেন।
প্রতিবেদনে জানানো হয়, কয়েক মাস আগে মুম্বাইয়ে আতিফের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান; তিনি একটি আটার মিলে গাড়িতে মালামাল ওঠানোর কাজ করতেন। বাবার মৃত্যুর পর আতিফ, তার বোন এবং মা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। আতিফ তখনো স্কুলে পড়াশোনা করছিল। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে, মাত্র দুই মাসের ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাদের সমস্ত জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন।
চরম হতাশার মধ্যে আতিফ ও তার বোন হার্দিক পান্ডিয়ার উদ্দেশ্যে একটি আকুল আবেদন জানান, যা কোনোভাবে পান্ডিয়ার নজর কাড়ে। খবরটি শোনামাত্রই পান্ডিয়া আতিফ ও তাঁর পরিবারকে নিজের বাড়িতে ডেকে নেন এবং মুম্বাইয়ে তাঁদের জন্য দুই রুমের একটি বাড়ি কিনে আতিফের মায়ের নামে হস্তান্তর করেন। সেই সাথে তিনি বলেন: "এখন আর এখান থেকে তোমাদের কেউ তাড়িয়ে দিতে পারবে না।"
শুধু তাই নয়, তিনি ঘোষণা করেন যে আতিফ যতদিন না একটি কাজ পাচ্ছেন, ততদিন পর্যন্ত প্রতি মাসের এক তারিখে তাঁর পক্ষ থেকে পরিবারটিকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই মহানুভবতার জন্য মানুষ পান্ডিয়াকে বাস্তব জীবনের আসল নায়ক হিসেবে আখ্যা দিচ্ছেন 👍♥️

মন্তব্য 0