*মথুরাপুর স্টেশনে SUCI(C)-র বুকস্টল ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে ধিক্কার মিছিল*

*দক্ষিণ ২৪ পরগনা, বাইজিদ মণ্ডল:-* দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর স্টেশনে SUCI(C)-র একটি বুকস্টল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দলীয় অভিযোগ, গত শনিবার, ১৭ অক্টোবর সকালে RSS ও BJP-আশ্রিত দুষ্কৃতীরা বুকস্টলটিতে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে SUCI(C)।
ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে SUCI(C)-র দেবীপুর লোকাল কমিটির উদ্যোগে মথুরাপুর এলাকায় একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলে বুকস্টল ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং রাজনৈতিক মতাদর্শ প্রচারের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি তোলা হয়।। দেবীপুর লোকাল কমিটির সম্পাদক নাজিরা খাতুন এই ঘটনার প্রতিবাদ জানান। দলীয় নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনও সংগঠনের প্রচারসামগ্রী বা বুকস্টলের উপর হামলার অভিযোগ গণতান্ত্রিক পরিবেশের পক্ষে উদ্বেগজনক।
SUCI(C)-র পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক স্বাধীনতা রক্ষা এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে বুকস্টল ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, সেই বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।