শঙ্করপুর মৎস্য বন্দরে যৌথ অভিযান | উদ্ধার ১৫ জন শ্রমিক

গতকাল, ৩০.০৯.২০২৬, মন্দারমণি উপকূলীয় থানার অধীন শঙ্করপুর মৎস্য বন্দরে সহকারী শ্রম কমিশনার, আঞ্চলিক শ্রম দপ্তর, কাঁথি, বিভিন্ন ব্লকের ন্যূনতম মজুরি পরিদর্শক, পুলিশকর্মী ও সমাজকর্মীদের উপস্থিতিতে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাছ ধরার জাল মেরামতের বিভিন্ন ইউনিট থেকে ১ জন প্রাপ্তবয়স্ক ঋণবন্ধনমূলক শ্রমিক এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ক শ্রমিককে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ওড়িশা ও উত্তর ২৪ পরগনা থেকে এনে এখানে কাজে নিযুক্ত করা হয়েছিল।

প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে, শ্রমিকদের পরিবারের সদস্যদের অগ্রিম অর্থ দিয়ে তাঁদের কাজে নিযুক্ত করার পর **দীর্ঘ সময় কাজ করানো, মজুরি আটকে রাখা বা কেটে নেওয়া, চলাফেরার স্বাধীনতা সীমিত করা এবং নিয়োগকর্তার নিয়ন্ত্রণাধীন আবাসনে থাকতে বাধ্য করার মতো পরিস্থিতির সৃষ্টি করা হতো।

উদ্ধারকৃত শিশুদের মন্দারমণি উপকূলীয় থানায় নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয় এবং তাঁদের নিরাপদ হেফাজত ও অস্থায়ী আশ্রয়ের জন্য তপোবন শিশু আবাসে রাখা হয়েছে।

ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মন্দারমণি উপকূলীয় থানায় মামলা রুজু করে আইনানুগ তদন্ত শুরু করা হয়েছে।