মুর্শিদাবাদ নবগ্রাম: আলাল সেখ : কিছুদিন আগে ভারী বৃষ্টির জোরে ভেঙে পড়ে ছিল মাটির দোতলা বাড়ির একাংশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের ইটাসরান গ্রামে।
জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা মুস্তাক আলী পেশায় পরিযায়ী শ্রমিক, কাজের সূত্রে থাকেন বিহারে। বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনোরকমে সংসার চালান তাঁর স্ত্রী। সম্প্রতি এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে হঠাৎই তাঁদের মাটির দোতলা বাড়ির একপাশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত ঘটনাটি দিনের বেলায় ঘটায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বিকট শব্দ শুনেই পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন এবং ঘরের মূল্যবান জিনিসপত্র বাইরে বের করে আনেন। রাতে এই ঘটনা ঘটলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলে জানান পরিবারের সদস্যরা।
মুস্তাক আলীর পরিবার দিন আনে দিন খায়। সহায়-সম্বল বলতে ছিল এই একমাত্র মাটির বাড়িটি। অভিযোগ, মাটির বাড়ি থাকা সত্ত্বেও আজও সরকারি আবাস যোজনার কোনো সুবিধা পাননি তাঁরা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, প্রাথমিক সমীক্ষা করা হয়েছে এবং খুব শীঘ্রই তাঁদের নাম নথিভুক্ত করা হবে। তবে পঞ্চায়েতের আশ্বাসে মন গলছে না পরিবারের। বৃষ্টির রাতে আতঙ্কে পাশের একটি ভাঙা ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
দুর্ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি তাঁদের খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ। এখন প্রশ্ন একটাই—কবে মিলবে সরকারি আবাস যোজনার ঘর? পঞ্চায়েতের প্রতিশ্রুতির ভরসায় দিন গুনছে এই অসহায় পরিবার।
অপের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক পরিবার
অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক পরিবার মুর্শিদাবাদ।

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0