১৯৭৯ সালে সৌদি আরবের বাদশাহ খালিদের শাসনামলে কাবা শরিফের নতুন দরজা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন থাইল্যান্ডের নাগরিক আবদুল্লাহ বিন আবদুল মুতালিব। ওই সময় তিনি থাইল্যান্ডের ছয়জন কারিগর- তিনজন কাঠমিস্ত্রি ও তিনজন স্বর্ণকারকে নিয়ে সৌদি আরবে গিয়ে দরজা নির্মাণের কাজে অংশ নেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে ৭৮ বছর বয়সী আবদুল্লাহ বর্তমানে সৌদি আরব সফর করছেন। সফরকালে মদিনায় স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি ১৯৭৯ সালের সেই স্মৃতি তুলে ধরেন।

আবদুল্লাহ জানান, ১৯৭৩ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এবং পরে উসুলুদ্দিন বা ইসলামের মৌলিক বিষয়ের ওপর উচ্চতর শিক্ষা নেন। ওই সময় থাইল্যান্ডে আরবি ভাষায় দক্ষ অনুবাদক হিসেবে তার পরিচিতি ছিল।

একদিন প্রিন্স মাজিদের সচিব আবদুল্লাহ আল-তুর্কি তাকে জানান, দুই সৌদি নাগরিক লিফট থেকে বের হচ্ছেন এবং তাদের অভ্যর্থনা জানাতে হবে।তারা ছিলেন মক্কার প্রধান স্বর্ণকার শায়খ আহমদ ইবরাহিম বদর এবং তার আত্মীয় হাসান হারিরি। শায়খ আহমদ তাকে জানান, থাইল্যান্ড থেকে পাঠানো কাঠ মক্কায় পৌঁছেছে। এরপর তিনজন কাঠমিস্ত্রি ও তিনজন স্বর্ণকারকে নিয়ে সৌদি আরবে গিয়ে কাজটির নেতৃত্ব ও অনুবাদের দায়িত্ব নিতে আবদুল্লাহকে বলা হয়।

আবদুল্লাহর ভাষায়, কাবার দরজা নির্মাণের সেই কাজ ছিল তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় অভিজ্ঞতা।

ছয় কারিগরকে নিয়ে আবদুল্লাহ সৌদি আরবে যান। দরজাটির নকশা করেছিলেন সিরিয়ার নাগরিক মুনির আল-জুন্দি।নতুন দরজা তৈরির আগে আবদুল্লাহ ও আল-জুন্দি প্রথমবারের মতো কাবা শরিফের ভেতরে প্রবেশ করে দরজার প্রয়োজনীয় মাপ নেন। এর আগে কাবার যে দরজাটি ছিল, সেটি বাদশাহ আবদুল আজিজের আমলে নির্মিত হয়েছিল।