সৌদি আরবের রাজধানী রিয়াদের সব স্কুলে এক সপ্তাহের জন্য সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইলে স্কুলগুলো জানায়, সৌদি কর্তৃপক্ষের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্কুল বন্ধের নির্দিষ্ট কারণ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
এএফপির দেখা দুটি পৃথক ই-মেইলে স্কুল কর্তৃপক্ষ জানায়, সৌদি কর্তৃপক্ষ তাদের হঠাৎ করেই পুরো সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ফলে রিয়াদের শিক্ষার্থীদের আগামী এক সপ্তাহ দূরশিক্ষণ বা রিমোট লার্নিংয়ের মাধ্যমে পাঠ নিতে হবে।
সাম্প্রতিক সময়ে এমন সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদে বসবাসকারী এক অভিভাবক এএফপিকে বলেন, পুরো স্কুল কমিউনিটির ওপর এক সপ্তাহের জন্য প্রভাব ফেলা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারগুলোর কারণ সম্পর্কে পরিষ্কার তথ্য ও স্বচ্ছ যোগাযোগ পাওয়ার অধিকার রয়েছে।
রিয়াদে বসবাসকারী এক লেবানিজ প্রবাসীও সিদ্ধান্তটিকে শেষ মুহূর্তের বলে উল্লেখ করে বলেন, কী ঘটছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সিদ্ধান্ত
রিয়াদে স্কুল বন্ধের ঘোষণা এসেছে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যে। তবে স্কুলে সশরীরে ক্লাস বন্ধের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা জানায়নি।
এর এক দিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া হুথিদের ড্রো*ন ও ব্যালিস্টিক ক্ষে*প*ণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত জুলাইয়ে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হুথিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয় এবং এরপর হামলার মাত্রা বেড়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সৌদি আরবে হুথিদের বাড়তে থাকা হামলার নিন্দা জানিয়েছে। পরিষদ বলেছে, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আ*হ*ত হয়েছেন।
রিয়াদের স্কুলগুলোতে এক সপ্তাহের জন্য সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনা অনলাইনে চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানানো না হওয়ায় আপাতত এ বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

মন্তব্য 0