মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি ফের আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য পেলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাটালিনা চ্যানেল টানা সাঁতার কেটে পেরিয়ে নজির গড়েছেন তিনি। প্রায় ৩২.৫ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ আফরিন অতিক্রম করেন ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ডে।

আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী ২২ সেপ্টেম্বর রাত প্রায় ১১টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন আফরিন। এরপর রাতের অন্ধকার, প্রবল ঢেউ এবং বিপরীত স্রোতের সঙ্গে লড়াই করে দীর্ঘ সময় সাঁতার কাটেন তিনি। সমুদ্রের জলের তাপমাত্রা ছিল প্রায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই অভিযানের কঠিনতাকে আরও বাড়িয়ে দেয়।

এই পথ চলার সময় আফরিনকে জেলিফিশের সমস্যারও মুখোমুখি হতে হয়। ঢেউয়ের ধাক্কায় কখনও তিনি নির্দিষ্ট সাঁতারের লাইন থেকে সরে যাচ্ছিলেন, আবার কখনও বেশ কিছুটা পিছিয়েও পড়ছিলেন। তাঁর সঙ্গে থাকা বোটের সদস্যরা সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন এবং বিভিন্ন আকারের তিমিও দেখতে পান। কিন্তু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যান আফরিন।

এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল এবং ২০২৬ সালের মে মাসে ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী সাঁতরে পার করেছিলেন আফরিন। এবার ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল জয় করে তাঁর সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি বড় পালক। মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার এই সাঁতারুর কৃতিত্বে খুশি তাঁর পরিবার, এলাকার মানুষ এবং মেদিনীপুর সুইমিং ক্লাব।