নবগ্রাম পুলিশের বড়সড় সাফল্য: বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধার, গ্রেফতার ১
মুর্শিদাবাদ নবগ্রাম: আলাল সেখ:
এলাকায় অবৈধ মাদকের কারবার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল নবগ্রাম থানা। গত কয়েকদিন ধরে থানা এলাকার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে নবগ্রাম থানা এলাকায় অবৈধ মদ ও মাদকের বিরুদ্ধে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। পরপর দুদিন বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ দেশি মদ বাজেয়াপ্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুনরায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণ অবৈধ দেশি মদ উদ্ধার হয়। পরবর্তীতে সমস্ত আইনি নিয়ম মেনে উদ্ধারকৃত মদ বাজেয়াপ্ত (Seize) করা হয় এবং ধৃতের বিরুদ্ধে নবগ্রাম থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক (OC) দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এলাকায় অবৈধ মাদক ও মদের কারবারের বিরুদ্ধে বিশেষ সক্রিয়তা দেখা যাচ্ছে। তাঁর নেতৃত্বে একের পর এক সফল অভিযানের ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মদের ঠেেক তৈরি হওয়া নানাবিধ গোলমাল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকার সাধারণ মানুষ।
থানার ওসি জানান, জনস্বার্থ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখার স্বার্থে কোনো আপস করা হবে না। অবৈধ মাদক ও মদ কারবারীদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও কঠোরভাবে অব্যাহত থাকবে।