মুর্শিদাবাদের নবগ্রাম: আলাল শেখ:প্রশাসনের অনীহা! রসুলপুর অঞ্চলে জমে থাকা জল-কাদায় নাজেহাল গ্রামবাসী, চাঁদা তুলে নিজেরা রাস্তা সংস্কারে নামলেন যুবকেরা । মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের রসুলপুর অঞ্চলের দেলুরুল গ্রাম। দীর্ঘদিন ধরে গ্রামের এই প্রধান রাস্তাটির অবস্থা আশঙ্কাজনক। জমা জল আর কাদার কারণে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। প্রতিদিনের জরুরি কাজ হোক কিংবা নামাজ পড়তে যাওয়া—দুর্ভোগের একশেষ হতে হতো সাধারণ পথচারী থেকে শুরু করে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের।
অভিযোগ, সমস্যার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে জানিয়েও মেলে নি কোনো সুরাহা। দিনের পর দিন এই চরম দুর্ভোগ সহ্য করার পর, অবশেষে সমাধানের পথ নিজেদের হাতে তুলে নিলেন গ্রামেরই একদল উদ্যোগী যুবক।
প্রশাসনের ওপর ভরসা না রেখে, নিজেদের উদ্যোগে অবশেষে শুরু হলো কাদা আর জলে ভরা সেই অবহেলার রাস্তা সংস্কারের কাজ।
নিজেদের গাঁটের টাকায় রাস্তা মেরামতির কাজ চলায় কিছুটা স্বস্তি ফিরলেও, পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের এই চরম উদাসীনতা ও ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।