ক্রেডিট কার্ডের নামে সাইবার প্রতারণার শিকার বিশেষভাবে সক্ষম ব্যক্তি
বৈশাখী সাহা, কলকাতাঃ
নিত্য নতুন পন্থা অবলম্বন করে জনসাধারণের সাথে প্রতারণা করে চলেছে প্রতারকেরা। আর প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে বিপুল ক্ষতির সম্মুখীন হয়ে চলেছে মানুষ। পুলিশ প্রশাসন ক্রমশই সাইবার প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার বার্তা প্রেরণ করে চলেছে। পুনরায় সাইবার প্রতারণার শিকার হয়ে প্রায় তিন লক্ষ টাকা খুইয়ে পুলিশের দারস্থ হন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকার বকুল বাগানের বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, পূজোর সময় এক দুপুরে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি প্রথমে বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিভাগের আধিকারিক বলে নিজের পরিচয় দেয়। এরপর নতুন ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাব দিয়ে তাঁর বর্তমান ক্রেডিট কার্ডের বিবরণ সহ একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চায়। অভিযোগকারী তাঁকে বিশ্বাস করে নিজের ক্রেডিট কার্ডের তথ্য, আধার নম্বর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেন। কিছু সময় অতিক্রান্ত হতেই মোবাইলে আসা মেসেজ দেখে হকচকিয়ে যান ওই ব্যাক্তি। জানতে পারেন, একটি অনলাইন বিপণির মাধ্যমে তাঁর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে দুটি ও একটি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি অর্থাৎ মোট তিনটি অনলাইন লেনদেন করা হয়েছে। সবমিলিয়ে ২ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকা খরচ করা হয়েছে। এরপরই তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সাইবার প্রতারকেরা অভিযোগকারীর কার্ডের তথ্য ব্যবহার করে কিভাবে অনলাইন কেনাকাটা করেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর।

মন্তব্য 0