*এক বাইকে তিনজন, সরকারি বাসের ধাক্কায় মৃত মা! গুরুতর আহত স্বামী-ছেলে*

*বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-* সাতসকালে ১১৭ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মোটরবাইক ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত তাঁর স্বামী ও ১৬ বছরের ছেলে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার কেল্লার মোড় এলাকায় এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইকে করে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন একই পরিবারের তিনজন—মুর্শিদ শেখ (৪২), তাঁর স্ত্রী এসমোতারা বিবি (৩৯) এবং তাঁদের ১৬ বছরের ছেলে মশিকুল শেখ। কেল্লার মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। বাসটি রামগঙ্গার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

সংঘর্ষের পর তিনজনই রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। গুরুতর জখম অবস্থায় এসমোতারা বিবির মৃত্যু হয় বলে জানা যায়। তাঁর স্বামী মুর্শিদ শেখ ও ছেলে মশিকুল শেখকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচলে প্রভাব পড়ে। ঘটনাস্থলে পৌঁছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস ও মোটরবাইক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাইকের গতি, রাস্তার পরিস্থিতি, বাসের অবস্থান এবং চালকদের ভূমিকা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার জন্য নির্দিষ্ট কোনও ব্যক্তি বা কারণকে দায়ী করা যাচ্ছে না।

একই পরিবারের এক মহিলার মৃত্যু এবং স্বামী-ছেলের আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের ১১৭ নম্বর জাতীয় সড়কে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।