পূর্ব রেলের উদ্যোগে অনুষ্ঠিত হল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ‘রেল জন সংবাদ’ অভিযান

বৈশাখী সাহা, ​কলকাতা:

‘রেল জন সংবাদ’-এর অঙ্গ হিসেবে ২২ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব রেলের আওতাধীন সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনেও ‘রেল জন সংবাদ অভিযান’ অনুষ্ঠিত হয়।
​রেল পরিষেবা ও স্টেশন চত্বরের মানোন্নয়নে তরুণ প্রজন্ম, বিশেষ করে 'জেন জি' বা বর্তমান যুবসমাজকে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই অভিযানের আয়োজন করা হয়। যার মূল লক্ষ্য ছিল স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা সুদৃঢ় করা, স্ক্র্যাপ ও ই-বর্জ্যের সুশৃঙ্খল নিষ্পত্তি এবং নাগরিকদের সাথে অর্থবহ সংযোগ স্থাপন। হাওড়া স্টেশনে আয়োজিত এদিনের কর্মসূচিতে অংশ নেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, পদস্থ আধিকারিগণ ও হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর। সবাইকে সাথে নিয়ে জেনারেল ম্যানেজার রেল পরিষেবার ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে যাত্রী, ও তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি কথা বলেন। ​সক্রিয় পদক্ষেপের অংশ হিসেবে তিনি হাওড়া স্টেশনের বিভিন্ন অংশ, বিশেষ করে প্রতীক্ষালয় পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ও করেন। হাওড়া স্টেশন থেকে যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত একটি ট্রেনের কামরায় উঠে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ভ্রমণের অভিজ্ঞতার প্রত্যক্ষ প্রতিক্রিয়া নেওয়ার পাশাপাশি তিনি যাত্রীদের বর্তমান সুযোগ-সুবিধার ঘাটতি সম্পর্কিত ফিডব্যাক গ্রহণ করেন এবং উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ নথিভুক্ত করেন। ​
একইভাবে পূর্ব রেলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও অনুরূপ অনুষ্ঠান ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এদিন শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার উপস্থিতিতে পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র প্রতাপ সিং শিয়ালদহ স্টেশনে ‘রেল জন সংবাদ’ কর্মসূচির নেতৃত্ব দেন। এজিএম ও শিয়ালদহের ডিআরএম এর কথায়, ​‘রেল জন সংবাদ’ উদ্যোগটি মূলত সক্রিয় গণ অংশগ্রহণের মাধ্যমে স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক কাজের পদ্ধতি উন্নত করার উদ্দেশ্যে গৃহীত ‘স্পেশাল ক্যাম্পেন ৬.০’-এর একটি চলমান অংশ। নাগরিক, সাধারণ যাত্রী ও অংশীদারদের—বিশেষ করে 'জেন জি' প্রজন্মকে—সরাসরি যুক্ত করার মাধ্যমে এই অভিযানটি যৌথ দায়িত্ববোধ গড়ে তুলতে এবং পরিচ্ছন্নতা ও কার্যকর স্টেশন ব্যবস্থাপনাকে একটি গণআন্দোলনে রূপ দিতে সচেষ্ট। ​এই ধরনের উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল দায়বদ্ধ গণপরিষেবা, পরিচ্ছন্ন রেল চত্বর এবং উন্নততর যাত্রী সন্তুষ্টির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা ‘স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত’-এর বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
​এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, "রেল পরিষেবা, পরিচ্ছন্নতা এবং স্টেশন ব্যবস্থাপনার উন্নয়নে জন সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করে ‘রেল জন সংবাদ’। যাত্রীদের সঙ্গে, বিশেষত তরুণ 'জেন জি' প্রজন্মের সাথে এই সক্রিয় যোগাযোগ আমাদের ‘স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত’-এর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আরও পরিচ্ছন্ন, কার্যকর ও যাত্রীবান্ধব রেলওয়ে পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।"