*উৎসবের মরশুমে বাঁকুড়ায় নৃশংস হত্যাকাণ্ড, বাবা ও স্ত্রীকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, মুণ্ড মন্দিরে*

এস রোজলিন ঈ:কলকাতা: উৎসবের আবহের মধ্যেই শিউরে ওঠার মতো ঘটনা বাঁকুড়ার সোনামুখীতে। বাবা ও স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সোনামুখী থানা এলাকার দামোদর নদের চরে অবস্থিত লালবাবা মানাচর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মঙ্গল চৌধুরী। বাড়িতে তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী রুম্পা চৌধুরী এবং বাবা রাজেন্দ্র চৌধুরী। বাড়ি সংলগ্ন একটি মন্দির রয়েছে। মঙ্গলবার সকালে সেই মন্দিরে রুম্পার কাটা মুণ্ড দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ এসে বাড়ি থেকে বাবা ও স্ত্রীর দেহ উদ্ধার করে। একটি দেহ বাড়ির ভিতরে ও অন্যটির ধর থেকে মুণ্ড বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মঙ্গল এবং তাঁর স্ত্রী প্রায়শই ওই মন্দিরে পুজার্চনা করতেন। মাঝেমধ্যে বাড়িতে এক তান্ত্রিকের যাতায়াত ছিল এবং তন্ত্রসাধনা চলত। স্থানীয় বাসিন্দা দয়াল পাত্রের কথায়, “গ্রামের মানুষের সঙ্গে কোনও বিবাদ ছিল না মঙ্গলের। ব্যবহারেও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। তবে বাড়িতে পুজার্চনা, তন্ত্র সাধনার পাঠ ছিল।” তন্ত্রসাধনার জেরেই এই নৃশংস কাণ্ড ঘটেছে কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।
বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ বলেন, “দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” ধৃতকে জেরা করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সোনামুখী থানা ঘটনার তদন্ত শুরু করেছে।