পথ দূর্ঘটনায় মৃত্যু নিরাপত্তা রক্ষীর

বৈশাখী সাহা, কলকাতা:

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক নিরাপত্তা রক্ষীর। আহত হয় আরও দুজন। ঘটনায় ব্যপক শোরগোল ছড়ায় এলাকায়। নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতার নিউটাউনের লস্করহাটি ব্রিজের উপর দূর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নিউ টাউন এর একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত থাকা রাজারহাট এর মাছিভাঙ্গা এলাকার বাসিন্দা ৫০ বছরের মেকাইল মোল্লা নামে এক ব্যাক্তি প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ডিউটি সেরে বাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। লস্করহাটি ব্রিজের উপর ওঠার পর আচমকা তীব্র গতিতে ছুটে আসা দুজন আরোহী সহ একটি বাইক মেকাইলের বাইকে সজোরে ধাক্কা মারে। দুটো বাইকের সংঘর্ষে মেকাইল সহ তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রাও দ্রুত ছুটে যায় সেখানে। ঘটনায় ব্যপক শোরগোল ছড়ায় এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিউটাউন থানার পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইক ২টি রাস্তা থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেকাইলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আহত অন্য দুজন চিকিৎসাধীন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের হাতে মেকাইলের দেহটি তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিউটাউনের গুরুত্বপূর্ণ ওই রাস্তায় বারবার দূর্ঘটনা ঘটার ফলে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।