গভীর রাতে মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপিন শিং (আনুমানিক বয়স ৫৫)। প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া সেরে স্বামী-স্ত্রী বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আচমকাই মাটির বাড়ির দেওয়াল ভেঙে তাঁদের উপর পড়ে। ঘটনায় বিপিন শিং দেওয়ালের নিচে চাপা পড়ে যান। তাঁর স্ত্রীও আহত হন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও সাঁকরাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত মহিলাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।
অন্যদিকে, দেওয়ালের নিচে চাপা পড়ে থাকা বিপিন শিংকে উদ্ধারের জন্য জেসিবি মেশিন আনা হয়। বেশ কিছুক্ষণ ধরে উদ্ধারকাজ চালানোর পর বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতেই উদ্ধার কাজ সম্পন্ন হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে যাওয়ার ফলেই এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের আর কোনও সদস্য সেই সময় বাড়িতে ছিলেন না। স্ত্রী প্রাণে বেঁচে গেলেও স্বামীকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। প্রশাসনের কাছে তাঁরা মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গভীর রাতে দেয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু
গভীর রাতে দেয়াল ভেঙ্গে চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তি

খবরটি শেয়ার করুন
মন্তব্য 0