*ফের হাত মেলাচ্ছে বিজেপি-অকালি? পাঞ্জাবে বড় জোটের ইঙ্গিত অমিত শাহের মুখে*
এস রোজলিন: কলকাতা: বাংলার পর এবার পাঞ্জাব দখলে মরিয়া বিজেপি। প্রথমে একা লড়ার বার্তা দিলেও শেষ পর্যন্ত পুরনো শরিক অকালি দলের সঙ্গেই জোট বেঁধে বিধানসভা ভোটে নামতে চলেছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, ১১৭ আসনের পাঞ্জাব বিধানসভায় বিজেপি একা লড়াই করার দাবি করলেও বাস্তবে অমিত শাহের নেতৃত্বে অকালি দলের সঙ্গে জোট আলোচনা চূড়ান্ত পর্যায়ে।
বিজেপির কাছে পাঞ্জাব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির অদূরে এবং সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এই রাজ্য দখলকে পাখির চোখ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সেই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত পাঞ্জাবে এককভাবে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। অতীতে অকালি দলের সঙ্গে জোট সরকারে থাকলেও সেখানে জুনিয়র পার্টনার হিসেবেই ছিল তারা। এবার একক ক্ষমতা দখলের লক্ষ্যে দীর্ঘ পরিকল্পনা নিয়েছিল বিজেপি। কংগ্রেস-সহ অন্যান্য দল থেকে বহু নেতাকে ভাঙিয়ে আনা, রাজ্যজুড়ে মাদক বিরোধী অভিযান, গ্রামাঞ্চলে সংগঠন মজবুত করার বিশেষ কর্মসূচি — সবই চলেছে।
তার মধ্যেই শুরু হয় অকালি দলের সঙ্গে ফের জোটের প্রক্রিয়া। পাঞ্জাবের রাজনীতিতে অকালিরা বিজেপির স্বাভাবিক মিত্র। শহরাঞ্চল এবং হিন্দু ভোটে বিজেপির প্রভাব, আর গ্রামাঞ্চল ও জাঠ শিখ ভোটে অকালিদের শক্ত ঘাঁটি। ১৯৯৬ সাল থেকেই এনডিএ-র শরিক ছিল অকালি দল। পাঞ্জাব ও দিল্লিতে এনডিএ সরকার গঠনে বড় ভূমিকা ছিল তাদের। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে জোট ভেঙে যায়। ২০২২ সালের ভোটে আলাদা লড়ে দুই দলই শোচনীয়ভাবে হারে।
এবার ফের এক ছাতার তলায় আসার জল্পনার মধ্যেই শুক্রবার দিল্লিতে অমিত শাহ ঘোষণা করেন, এবার পাঞ্জাবে সরকার গড়বে এনডিএ। ফলে স্পষ্ট, একা লড়ার পরিকল্পনা থেকে সরে জোটের পথেই হাঁটছে বিজেপি। সূত্রের দাবি, অকালি প্রধান সুখবীর বাদলও দলীয় নেতাদের বলে দিয়েছেন, শহরাঞ্চলে বেশি নজর না দিয়ে গ্রামে জোর দিতে। শহরের দায়িত্ব বিজেপির।
শোনা যাচ্ছে, দিওয়ালির পর পাঞ্জাবে একটি মেগা জনসভা করবে বিজেপি, সেখানেই আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা হতে পারে।তবে জোটের পথে প্রধান কাঁটা আসনরফা। ২০১৭ সালে শেষবার একসঙ্গে লড়ার সময় ১১৭ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র ২৩টি আসন, অকালি লড়েছিল ৯৪টিতে। এবার বিজেপি সিনিয়র পার্টনার হিসেবে অন্তত ৭০টি আসন দাবি করছে। কিন্তু অকালিদের দাবি, বিজেপির কাছে ৪০-৫০টি আসনে লড়ার মতো যোগ্য প্রার্থীই নেই। অকালিরা বিজেপির শক্তি বৃদ্ধি মানলেও ৭০ আসন ছাড়তে নারাজ। তাই জোট নিয়ে এখনও খোলাখুলি মুখ খুলছেন না পাঞ্জাবের বিজেপি নেতারা।

মন্তব্য 0