সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সরকারি ক্রয় প্রক্রিয়া ও GeM নিয়ে পূর্ব রেলের বিশেষ সেমিনারের
বৈশাখী সাহা, কলকাতাঃ
মঙ্গলবার পূর্ব রেলের সদর দপ্তরে সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬-এর অঙ্গ হিসেবে ‘সরকারি ক্রয় প্রক্রিয়া ও গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও সততা নিশ্চিতকরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনা ও তত্ত্বাবধানে। উক্ত অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল রেলের সমস্ত ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা এবং নৈতিক মানদণ্ড আরও সুদৃঢ় করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক নিগম, প্রিন্সিপাল চিফ ম্যাটেরিয়ালস ম্যানেজার (PCMM) সন্দীপ শুক্লা, ডেপুটি চিফ ম্যাটেরিয়ালস ম্যানেজার (ইলেকট্রিক্যাল) সানি শর্মা, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল চিফ ম্যাটেরিয়ালস ম্যানেজার ড. এস. কে. সাদাঙ্গি সহ পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন ও ডিপোর বহু আধিকারিকেরা। সেমিনারে বিশিষ্ট অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল চিফ ম্যাটেরিয়ালস ম্যানেজার ড. এস. কে. সাদাঙ্গি ক্রয় সংক্রান্ত ক্ষেত্রে কার্টেল বা যোগসাজশমূলক গোষ্ঠী গঠন চিহ্নিত করা এবং তা প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যার উদ্দেশ্য ছিল ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা। অন্যদিকে, পূর্ব রেলের ডেপুটি চিফ ম্যাটেরিয়ালস ম্যানেজার (ইলেকট্রিক্যাল) সানি শর্মা GeM-এর মাধ্যমে ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সর্বোত্তম কার্যপদ্ধতি এবং কার্যকরী নির্দেশিকা সম্পর্কে আলোকপাত করেন।

মন্তব্য 0