*বিদ্যাসাগরের জন্মদিনকে ‘বাঙালির শিক্ষক দিবস’ ঘোষণার দাবি, বাদুড়িয়ায় শিক্ষকদের সংবর্ধনা*

এস মন্ডল: কলকাতা: বিদ্যাসাগরের জন্মদিনকে বাঙালির শিক্ষক দিবস হিসাবে পালন করার দাবিকে সামনে রেখে শিক্ষক সম্বর্ধনা ও বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করল বাদুড়িয়া বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি। গত ২রা অক্টোবর লক্ষ্মীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন অনুষ্ঠানের সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অঙ্গিরা পাল। বিদ্যাসাগরের জীবন নিয়ে আলোচনা করে শিশুশিল্পী উপাংশু বিশ্বাস। এছাড়া বক্তব্য ও কবিতা পাঠে অংশ নেয় স্বর্ণেন্দু রায় ও সায়নী রায়।
এবছর চারজন প্রাক্তন শিক্ষকের হাতে বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, মানপত্র ও পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। সম্মানিতরা হলেন — প্রাক্তন প্রধান শিক্ষক তুষার কান্তি রায়, প্রাক্তন শিক্ষক বিভাস বন্দ্যোপাধ্যায়, আভাস রায় ও মনোরঞ্জন রায়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের স্মৃতিচারণার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে তাঁর অবদান নিয়েও আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দুই সভাপতি অসীম চৌধুরী ও অরুণ কুমার পাল, সম্পাদক সাবির হোসেন, সহ-সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, সৌমেন রায়, সুশান্ত রায়, নবনীতা রায়, সত্যব্রত রায়, বিশ্বজিৎ মিস্ত্রি, ABVP-র বাদুড়িয়া নগর সম্পাদক জয় কাহার সহ আরও অনেকে।
গোটা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লক্ষ্মীনাথপুর প্রাথমিক স্কুলের প্রাক্তনী সংগঠনের সদস্য-সদস্যারা।