*রাজ্যসভার টিকিট পেয়েই পদ্ম শিবিরে কোয়েল মল্লিক*
এস রোজলিন:কলকাতা: জল্পনাই সত্যি হলো। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী মল্লিক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। সোমবার রাজ্য বিজেপির সদর দফতরে দলের পতাকা হাতে তুলে নেন তিনি।
গতকালই জানা গিয়েছিল, বিজেপির তরফে তাঁকে রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে। আজ মনোনয়ন জমা দেওয়ার আগেই দলে যোগদান সারলেন তিনি।
যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল বলেন, "রাজ্যসভার সদস্য হতে পারা আমার কাছে গর্বের বিষয়। রাজ্যের নতুন সরকার গত কয়েক মাসে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আমিও দেশের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই।"
এই সুযোগের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান।
অভিনয় জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কোয়েল বলেন, ইন্ডাস্ট্রি তাঁর কাছে আবেগ।
তাঁর কথায়, "ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আছি। হয়তো সেখানে এত বছর কাজ করেছি বলেই আজ এই দায়িত্ব পাচ্ছি। আমি অবশ্যই টলিউডের উন্নয়নের জন্য কাজ করব।" চলতি বছরের এপ্রিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল। রাজ্যে পালাবদলের পর তিনি ইস্তফা দেন। তারপর বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়।
তবে দলবদল করেও প্রাক্তন দলের বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করেননি তিনি। কোয়েলের বক্তব্য, "আগেও কোনও খারাপ কথা বলিনি, আজও বলব না। কাউকে ছোট করে যাঁরা আনন্দ পান, তাঁরা নিজেদের হতাশা থেকেই করেন। তাঁরা মানসিকভাবে অসুখী।" শেষে তিনি বলেন, "এই সরকার খুব ভালো কাজ করছে। বিজেপিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চাই। আপনারা আশীর্বাদ করবেন।"

মন্তব্য 0