*২৪ ঘণ্টা পর মুক্তি ‘ককরোচ’ নেতাদের, ছাড়া পেলেন ধ্রুব রাঠিও*

এস রোজলিন:কলকাতা: রাতভর হাজতবাস। সকালে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ। অবশেষে ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন নেতা অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। মুক্তি দেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও।
রবিবার সকালে দীপক-সহ তিন সিজেপি নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তারপরই শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়। সূত্রের খবর, আগামী এক বছর তাঁরা শান্তিভঙ্গ করতে পারবেন না — এই শর্তেই মুক্তি।
মুক্তির পরই এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেছে সিজেপি। সেখানে বলা হয়েছে, "অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হল। আরশোলা কখনও মরে না।" রবিবার দুপুর ২টো নাগাদ সাংবাদিক বৈঠক করবে সিজেপি।
অনুমতি না থাকা সত্ত্বেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল 'আরশোলা'রা। তার আগেই কোমর বেঁধে মাঠে নামে দিল্লি পুলিশ, দিল্লিজুড়ে চলে ব্যাপক ধরপাকড়।
মুম্বই থেকে আন্দোলনে যোগ দিতে রাজধানীর উদ্দেশে রওনা দেন দীপকরা। সকাল ১০টা ১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই উড়ানের ভিতর থেকেই তাঁদের আটক করা হয়। তিনজনকে আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া হয় অজ্ঞাতস্থানে। পরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তাঁদের সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে।
অবশেষে ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন তিন 'ককরোচ' নেতা ও জনপ্রিয় ইউটিউবার। তবে শনিবার সকাল থেকে দীপক, আশুতোষ, সৌরভরা কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।